বাংলাদেশে প্লট দুর্নীতিতে যেভাবে দোষী সাব্যস্ত ব্রিটিশ এমপি টিউলিপ

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫; সময়: ১:২১ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: বাংলাদেশে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দোষী সাব্যস্ত হয়েছেন। ঢাকার একটি আদালত তাঁর বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড ঘোষণা করেছে।

সোমবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। মামলাটি টিউলিপের মা শেখ রেহানার নামে পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দের অনিয়ম ঘিরে দায়ের করা হয়।

রায়ে শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড, টিউলিপের খালা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং অন্য আসামিদের পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগের মধ্যে এটি একটি আলোচিত মামলা।

শেখ হাসিনা সরকারের পতনের পর লন্ডনে সাত লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট ‘উপহার’ হিসেবে পাওয়ার অভিযোগ ঘিরে তীব্র সমালোচনার মুখে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়েন টিউলিপ সিদ্দিক। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগেও তাঁর নাম আসে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার সৃষ্টি করে।

টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে মা-বাবার কাছ থেকে পাওয়া গুলশানের একটি ফ্ল্যাট বোন রূপন্তীর নামে হস্তান্তর করেন। কিন্তু এই হস্তান্তরে ব্যবহৃত নোটারি ‘ভুয়া’ বলে তদন্তে উঠে এসেছে বলে জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদক টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাঁর আইনজীবীরা অভিযোগ করেন, দুদক প্রামাণিক নথি দেখাতে পারেনি এবং টিউলিপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি, যা তাঁর ন্যায়বিচারের অধিকার লঙ্ঘন করেছে।

গত ২৩ এপ্রিল দুদক চেয়ারম্যান আবদুল মোমেন বলেন, যদি টিউলিপ নির্দোষ হন তবে কেন তিনি পদত্যাগ করলেন এবং কেন তাঁর আইনজীবীদের দিয়ে দুদকের সঙ্গে যোগাযোগ করতে বললেন -এ প্রশ্নই সন্দেহ উত্থাপন করে। দুদক জানায়, ইমেইলের মাধ্যমে তাঁকে বাংলাদেশে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুরোধও পাঠানো হয়েছিল।

টিউলিপ সিদ্দিক চারবার নির্বাচিত যুক্তরাজ্যের এমপি। গত বছরের মাঝামাঝিতে লেবার পার্টি সরকার গঠনের পর তিনি আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

এর আগে পূর্বাচলে প্লট দুর্নীতির অন্য তিন মামলায় গত বৃহস্পতিবার শেখ হাসিনাকে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেন অন্য একটি আদালত। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয় পাঁচ বছর করে কারাদণ্ড। গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়।

পূর্বাচলের প্লট দুর্নীতির আরও দুই মামলা এখনো আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ওই মামলাগুলোতে শেখ হাসিনা ও টিউলিপের সঙ্গে টিউলিপের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকেও আসামি করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন