কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬; সময়: ৯:২৭ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্কুলের ভেতর থেকেই সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি আত্মহত্যা করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, স্কুল প্রাঙ্গণ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এছাড়া স্থানীয় কমিউনিটির একটি আবাসিক ভবন থেকে আরও দুজনের মরদেহ পাওয়া গেছে।

ঘটনার পরপরই টাম্বলার রিজ এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়। দ্বিতীয় কোনো হামলাকারী জড়িত ছিল কিনা এবং হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রায় ২ হাজার ৪০০ জনসংখ্যার ছোট এ শহরের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের এলাকা থেকে অতিরিক্ত পুলিশ, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা দল মোতায়েন করা হয়েছে।

পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুলে ‘লকডাউন’ এবং ‘সিকিউর অ্যান্ড হোল্ড’ জারি করা হয়।

এলাকার আইনপ্রণেতা ল্যারি নিউফেল্ড বলেন, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

প্রাদেশিক সরকারের তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

সূত্র: বিবিসি

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন