বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬; সময়: ৫:৪১ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ -এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয়টিতেই বিজয়ী হয়েছেন। তবে আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখা যায়। সে অনুযায়ী বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নির্বাচনী আইন (আরপিও) অনুযায়ী, ধারা ১৯(১)(খ)-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারেন। তবে ধারা ১৯(২) অনুসারে, একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হয়- কোন আসনটি তিনি রাখতে চান।

নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন বা আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।

বগুড়া-৬ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

অন্যদিকে, ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফলে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয়েছে ২ হাজার ২১১টি ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৭৭।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন