মহাদেবপুরে বাস-মাইক্রোবাস সংঘ/র্ষে চালক নি/হত, আ/হত ৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬; সময়: ৬:৫৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুর উপজেলা-এ বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের ‘চৌদ্দ মাইল’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ (৪০) ধামইরহাট উপজেলার ফতেপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের চালক ছিলেন।

আহতরা হলেন, পত্নীতলা উপজেলার পাটি আমলাই হিন্দুপাড়া গ্রামের সাইদুর রহমান, তার স্ত্রী মাহমুদা বেগম, রফিকুল ইসলামের ছেলে রাব্বি হাসান এবং ধামইরহাট উপজেলার সিঙ্গারুল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে রফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ মাহমুদা বেগমকে চিকিৎসার জন্য স্বজনরা একটি মাইক্রোবাসে করে রাজশাহীতে নিয়ে যাচ্ছিলেন। পথে চৌদ্দ মাইল এলাকায় পৌঁছালে নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি যাত্রীবাহী বাস খড়িবাহী একটি ভুটভুটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আব্দুস সামাদ গাড়ির ভেতরে চাপা পড়ে আটকে যান। স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি গুরুতর আহত অবস্থায় চালকসহ পাঁচজনকে উদ্ধার করে পিকআপযোগে নওগাঁ সদর হাসপাতালে পাঠান। পরে আহতদের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে চালক আব্দুস সামাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন