জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬; সময়: ১২:২৫ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক:  চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। সোমবার (৯ মার্চ) ভোর ৬টা থেকে সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ প্রায় চার হাজার সদস্য এ অভিযানে অংশ নেন।

ভোরের আলো ফুটতেই ড্রোন উড়িয়ে কয়েকটি স্পট চিহ্নিত করে অভিযান শুরু হয়। পরে সেনাবাহিনীর এপিসি ট্যাংক, পুলিশের জলকামান, সাজোয়া যান, ডগ স্কোয়াড ও ভারি অস্ত্রসজ্জিত গাড়ি নিয়ে বাহিনীর সদস্যরা ভেতরে প্রবেশ করেন। সেখানে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব-৭, র‍্যাব-১১, র‍্যাব-১৫ এবং চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নিয়েছে।

এলাকাটিতে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য মূলত পাহাড় কেটে প্লট বিক্রি ও চাঁদাবাজিকে কেন্দ্র করে। গত ১৯ জানুয়ারি ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেফতারের সময় র‍্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। তখন চারজন র‍্যাব সদস্যকে তুলে নিয়ে নির্যাতন করা হলে একজন কর্মকর্তা নিহত হন।

দুর্গম পাহাড়ি হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। চার দশক ধরে সরকারি পাহাড় কেটে সেখানে কয়েক হাজার অবৈধ বসতি গড়ে উঠেছে। বর্তমানে প্রায় ২০–২৫ হাজার বাড়িতে অন্তত দেড় লাখ মানুষের বসবাস রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন