ওসমান হাদি হত্যা: রিমান্ডে যা বলেছেন ফয়সাল করিম

পদ্মাটাইমস ডেস্ক: শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। ভারতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে তিনি দাবি করেন, এ হত্যাকাণ্ডে তিনি জড়িত নন।
রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা বিচার বিভাগীয় আদালতে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর হোসেনকে হাজির করা হয়। আদালত দুজনকে ১২ দিনের কারা হেফাজতের নির্দেশ দেন। আগামী ২ এপ্রিল তাদের পুনরায় আদালতে তোলা হবে।
এর আগে ৮ মার্চ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) তাদের আটক করে। পরে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল করিম বলেন, “আমি এই কাজ করিনি। এসব ঘটনার সঙ্গে আমি যুক্ত নই।” তবে তাকে ফাঁসানো হয়েছে কি না -এ প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি।
যদিও এসটিএফ সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর ঢাকায় ওসমান হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় দায়ের করা মামলায় গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ফয়সাল ও আলমগীর ঘটনার পর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান বলে তদন্তে উঠে আসে।
এদিকে, ভারতে গ্রেপ্তার এই দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।




