টানা ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬; সময়: ১০:৩০ pm | 
খবর > বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের দীর্ঘ ছুটি শেষে শিখন ঘাটতি পূরণে টানা ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠদানে ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণে ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী টানা ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চালু রাখতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, নির্ধারিত পাঠপরিকল্পনা যথাসময়ে সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে গত ৮ মার্চ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়। আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন