১৫ দিনের মধ্যে চালু হবে শাহজাহানপুরের সেতু: শাহে আলম

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬; সময়: ৬:১১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর সড়কের নির্মাণাধীন সেতুটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী সম্প্রতি ইসলামপুর ইউনিয়ন পরিষদ থেকে শাহজাহানপুর ইউপি অফিস সড়কের নরেন্দ্রপুর কাঁচার বিলের খালের ওপর নির্মাণাধীন সেতুটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি দ্রুত সময়ের মধ্যে সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করে যান চলাচল চালুর নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক এবং ৭ কোটি টাকা ব্যয়ে সেতুর মূল অবকাঠামো নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসার পর সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। তবে অ্যাপ্রোচ সড়কের অভাবে এটি এতদিন ব্যবহার উপযোগী হয়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন