যাত্রী নিয়ে বাস পড়ে গেল পদ্মায়, হতাহতের শঙ্কা

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬; সময়: ৮:০৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের এজিএম সালাহউদ্দিন জানান, সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে ডুবে যায়। বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। হতাহতের আশঙ্কা রয়েছে, বিস্তারিত পরে জানানো যাবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়। এ সময় পন্টুন ও ফেরিতে থাকা লোকজন দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেন। কয়েকজন যাত্রী ভেসে উঠলে তাদের দিকে রশি ও লাইফবয় ছুড়ে দিয়ে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, বাসটি প্রায় ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আরিচা স্টেশনের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও বেঁচে যাওয়া যাত্রীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে বের হতে সক্ষম হন।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করা গেছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন