বাজার সমিতির প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ায় বাজার সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখকে (৪৬) প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ফতেহ আলী বাজারে ভোট গ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ জানায়, ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখকে বাজার এলাকা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। পরে মালগ্রাম ডাবতলা এলাকায় একটি বাগানের মধ্যে বেঁধে রেখে তাকে মারধর করে দুই পা ও একটি হাত ভেঙে দেওয়া হয়।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবদল নেতা শফিকুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
তিনি আরও জানান, শফিকুল ইসলাম ও আলাল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, আলাল শেখের সঙ্গে অনেকের শত্রুতা রয়েছে। ব্যক্তিগত বিরোধের জের ধরে অন্য কেউ এ ঘটনা ঘটাতে পারে।
আহত আলাল শেখ শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত এবং একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি তিনি জামিনে মুক্ত ছিলেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হফুজ আলম বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




