নবম পে-স্কেল বাস্তবায়ন তিন ধাপে

প্রকাশিত: মে ৫, ২০২৬; সময়: ৬:০৬ pm | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক: দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পে-স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি সুপারিশ প্রণয়নের কাজ শুরু করেছে, যা শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ এড়াতে আগামী তিন বছরে ধাপে ধাপে নতুন পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বাস্তবায়নের সম্ভাবনা রাখা হয়েছে।

এদিকে অর্থ বিভাগের পক্ষ থেকে নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত পে-স্কেলের প্রায় ৩৩ শতাংশ বাস্তবায়নের চিন্তা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুনর্গঠিত কমিটির প্রথম বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অধিকাংশ সদস্য ঘোষিত পে-স্কেল বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ বিষয়ে চাপ থাকায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

চলতি বাজেটে পে-স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ থাকলেও তা ব্যবহার করা হয়নি। তবে আগামী বাজেটে এ খাতে বাড়তি বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংক-এর বার্ষিক সভা শেষে অর্থমন্ত্রী দেশে ফেরার পর পুনর্গঠিত কমিটি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। পাশাপাশি চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

নবম পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অর্থের সংস্থানকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি এবং বড় বাজেট ঘাটতির বাস্তবতায় এককালীন বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে পে-স্কেল কার্যকর করাই বাস্তবসম্মত হতে পারে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন