ধামইরহাটে হাটের ইজারা নিয়ে লুকোচুরি, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট: নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী রবিবারের সাপ্তাহিক হাট ইজারা দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।
গতকাল বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, ইজারা বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী পর্যাপ্ত সময় না দিয়েই তড়িঘড়ি করে একটি বিশেষ পক্ষকে হাটের ইজারা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ কাজে পৌর প্রকৌশলীর যোগসাজশ রয়েছে বলেও দাবি তাদের।
ব্যবসায়ী নেতারা বলেন, সরকারি বিধি অনুযায়ী ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের পর একাধিক ধাপে সময় দেওয়া হয়ে থাকে। কিন্তু ধামইরহাটের ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় দিনের পর চতুর্থ দিনের জন্য অপেক্ষা না করেই রহস্যজনকভাবে মহাদেবপুর উপজেলা যুবলীগ নেতা আরিফুল ইসলামের নামে ইজারা প্রক্রিয়া চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তাদের ভাষ্য, “চতুর্থবার সিডিউল জমা দেওয়ার সুযোগ না দিয়ে একজনকে হাটটি দিয়ে দেওয়া স্পষ্ট নিয়ম লঙ্ঘন। একটি প্রভাবশালী মহল ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ ইজারাদারদের প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত করছে। এর পেছনে বড় ধরনের আর্থিক লেনদেন ও রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলে আমরা মনে করি।”
এ ঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনারের দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান ব্যবসায়ীরা। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করলেও প্রশাসন আগের অবস্থানে অনড় থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে এই ‘একতরফা’ ইজারা প্রক্রিয়া বাতিল করে পুনরায় উন্মুক্ত নিলামের ব্যবস্থা করতে হবে।
তবে অভিযোগ অস্বীকার করে ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী বলেন, “সবকিছু আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে। এখানে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই।”




