বসুন্ধরা স্পোর্টস সিটির উডেন বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাস্কেটবলের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের উডেন বাস্কেটবল কোর্ট। আধুনিক এই ক্রীড়া অবকাঠামো পরিদর্শন করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা।
মঙ্গলবার (২ জুন) দেশের বাস্কেটবলের উন্নয়ন এবং খেলোয়াড়দের জন্য আধুনিক প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের বাস্কেটবল কোর্ট পরিদর্শন করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং জাতীয় বাস্কেটবল দলের প্রধান কোচ ম্যাকক্যামন উইলিয়াম ফ্রেজার।
এ সময় তাদের স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। পরিদর্শনকালে তিনি কোর্টটির আধুনিক সুযোগ-সুবিধা, আন্তর্জাতিক মানের অবকাঠামো এবং প্রশিক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।
ফেডারেশনের কর্মকর্তারা কোর্টটির উন্নতমানের উডেন ফ্লোরিং, আন্তর্জাতিক মানসম্পন্ন পরিবেশ এবং প্রশিক্ষণবান্ধব সুযোগ-সুবিধার প্রশংসা করেন। তাদের মতে, জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা উন্নয়নে এ ধরনের আধুনিক ক্রীড়া অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় দলের নিয়মিত অনুশীলনের জন্য কোর্টটি ব্যবহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ফেডারেশনের কর্মকর্তারা। পাশাপাশি ভবিষ্যতে এখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।
ক্রীড়াসংশ্লিষ্টদের মতে, বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক অবকাঠামো দেশের বাস্কেটবলের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।




