নাটোরে সাবেক ইউপি চেয়ারম্যান চুনু ও পলকের পিএ মানিক গ্রেপ্তার

প্রকাশিত: জুন ৭, ২০২৬; সময়: ৬:৩১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় পৃথক অভিযানে কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চুনু এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত ফটোগ্রাফার (পিএ) মাহিদুল ইসলাম মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কলম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মাহিদুল ইসলাম মানিক এলাকায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে পরিচিত। রাজনৈতিকভাবে তিনি চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চামারী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অপরদিকে মইনুল হক চুনু কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিংড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশের একটি বিশেষ দল শনিবার গভীর রাতে কলম ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুজনকে আটক করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন