জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের দাবিতে মান্দায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার চারটি বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর মৎস্যজীবীপাড়া ব্রিজ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে গোয়ালমান্দা ঈদগাহ মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মৎস্যজীবীপাড়া ব্রিজ এলাকায় এসে মানববন্ধনে যোগ দেয়। কর্মসূচিতে স্থানীয় কৃষক, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, নুরুল্লাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক দুলাল হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং স্থানীয় কৃষক মকলেছার রহমান, আবুল কাসেম ও সাদেক হোসেন।
বক্তারা বলেন, উপজেলার গোয়ালমান্দা, চকউদয়নরায়ণ, বারিল্যা ও কদমতলী বিলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিবছর ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে প্রায় তিন হাজার বিঘা কৃষিজমি দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকে। এতে কৃষকেরা কাঙ্ক্ষিত ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, বিলগুলোর পানি নিষ্কাশনের একমাত্র খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকলেও তা পুনঃখননের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খালটি পুনঃখনন করা হলে বর্ষাকালের অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে। পাশাপাশি আমন ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ বৃদ্ধি পাবে এবং খরা মৌসুমে খালের পানি কৃষিকাজে ব্যবহার করা যাবে।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা বলেন, জলাবদ্ধতার কারণে প্রতিবছর তাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অনেক জমি অনাবাদি পড়ে থাকায় কৃষি উৎপাদন কমে যাচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুত খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হলে এলাকার কৃষি উৎপাদন ও জীবনমানের উন্নয়ন ঘটবে।
কর্মসূচি থেকে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।




