প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাকে হত্যা

প্রকাশিত: জুন ১২, ২০২৬; সময়: ৫:১০ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : খুলনা মহানগরীতে প্রকাশ্যে গুলি করে বিএনপির এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা মোটরসাইকেলে এসে হেলমেট পরে এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) রেজাউর রহমান।

নিহত রফিকুল ইসলাম গাজী (৪৫) দক্ষিণ লবণচরার মাথাভাঙা এলাকার রতন গাজীর ছেলে। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এলাকায় তিনি ‘ঢাকাইয়া রফিক’ নামেও পরিচিত ছিলেন।

বটিয়াঘাটা জলমা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আসাবুর রহমান হাওলাদার জানান, রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তার ফেসবুক আইডিতেও একই রাজনৈতিক পরিচয় উল্লেখ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কাজীপাড়া বাজারে বসে ছিলেন রফিকুল ইসলাম। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উপ-পুলিশ কমিশনার রেজাউর রহমান বলেন, রফিকুল ইসলাম বাজারে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তার তলপেটে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, “নিহত রফিকুল ইসলাম অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করতেন। মাঝেমধ্যে এলাকায় আসতেন। তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি পাথরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।”

এদিকে, খুলনা মহানগরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চলমান থাকলেও প্রকাশ্যে এ হত্যাকাণ্ড নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

পুলিশের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুলনা মহানগরে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া গণ-অভ্যুত্থানের পর সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন