সাংবাদিকের ওপর হামলা: জামায়াতের চার কর্মী বহিষ্কার

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
বহিষ্কৃতরা হলেন শফিকুল ইসলাম, খাইরুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন। ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে কয়েকজন সাংবাদিকের বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলায় তাঁর মুখে আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরপরই জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিকের বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এদিকে কেন্দ্রীয় ও মহানগরী নেতারা ঘটনার নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি বুধবার তাদের প্রতিবেদন জমা দিলে তার ভিত্তিতেই অভিযুক্ত চার কর্মীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।




