বাগমারায় দুর্জয় গ্রুপের সশস্ত্র হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা

প্রকাশিত: জুন ২৭, ২০২৬; সময়: ৫:৩৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের গংগানারায়নপুর গ্রামে মো. জাফর ইকবাল নামে এক ব্যক্তি একই গ্রামের পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার উদ্দেশ্যে সশস্ত্র হামলার অভিযোগ করেছেন।

জাফর ইকবাল গণিপুর ইউনিয়নের গংগানারায়নপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী জাফর ইকবালের অভিযোগ, কুমানিতলা বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে। এ সময় তারা লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলার চেষ্টা চালায়। প্রাণনাশের আশঙ্কায় তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

অভিযুক্তরা হলেন—নাইমুর রহমান দূর্জয় (২৮), শাহরিয়ার আলম সবুজ (২১), আব্দুস সাত্তার (৪৮), মাহাবুর রহমান (৩৫) ও মাসুদ রানা (৩৭)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

জাফর ইকবালের দাবি, হামলার সময় নাইমুর রহমান দূর্জয় নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে চাপাতি হাতে তাকে ধাওয়া করেন এবং প্রাণনাশের হুমকি দেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তাদের দাবি, অভিযুক্তরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং যেকোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত নাইমুর রহমান দূর্জয়ের সাথে একাধিক বার যোগাযোগ করার চেস্টা করেও তাকে পাওয়া যাইনি।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ভুক্তভোগী, তার পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন