কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

প্রকাশিত: জুন ৩০, ২০২৬; সময়: ৯:০১ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিশু আহত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) এ দুর্ঘটনা ঘটে।

পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ শিশুর মৃত্যু হয়। আহত পাঁচজনের চিকিৎসা চলছে।

উদ্ধারকর্মীরা জানান, ছাদ ধসের সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। আর নিচতলায় চলছিল শিশুদের কোচিং ক্লাস। এ সময় হঠাৎ ছাদ ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। সূত্র : জিও নিউজ

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন