মোহনপুরে ৩ ইউপি চেয়ারম্যানের পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার কোর্ট

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। সোমবার (৬ জুলাই) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।
যাদের বিষয়ে এ আদেশ দেওয়া হয়েছে তারা হলেন- মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু এবং জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী।
চেম্বার কোর্ট এর ৬ জুলাই এর সিরিয়াল নং-২৯, ৩০, ৩১ এবং সংশ্লিষ্ট আইনজীবী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর উল্লিখিত চেয়ারম্যানরা অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তারা হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তাদের স্ব-স্ব পদে ফিরে যাওয়ার সুযোগ দিয়ে আদেশ প্রদান করেন।
এরপর স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জিয়াউর রহমান ও মাহ্ফুজুর রহমান হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার কোর্টে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে চেম্বার কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করেন।




