রাজশাহী কলেজে ইন্টারভিউ বোর্ড ফেসিং প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষ, আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামূলক করে তুলতে রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে “কিভাবে একটি ইন্টারভিউ বোর্ড ফেস করতে হবে” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
প্রশিক্ষণে চাকরির ইন্টারভিউয়ের পূর্বপ্রস্তুতি, জীবনবৃত্তান্ত (সিভি) উপস্থাপন, আত্মপরিচয় প্রদান, সাধারণ ও বিষয়ভিত্তিক প্রশ্নের কার্যকর উত্তর দেওয়ার কৌশল, আত্মবিশ্বাস বৃদ্ধি, যোগাযোগ দক্ষতা, বডি ল্যাঙ্গুয়েজ, উপযুক্ত পোশাক-পরিচ্ছদ, সময়ানুবর্তিতা, শিষ্টাচার, মানসিক প্রস্তুতি এবং ইন্টারভিউ বোর্ডে ইতিবাচক প্রভাব সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষকরা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু ভালো একাডেমিক ফলাফল যথেষ্ট নয়। আত্মবিশ্বাস, কার্যকর উপস্থাপনা, যুক্তিপূর্ণ উত্তর প্রদান, ইতিবাচক মনোভাব এবং পেশাদার আচরণ একজন প্রার্থীকে অন্যদের তুলনায় এগিয়ে রাখে। তাই শিক্ষাজীবন থেকেই ইন্টারভিউ-সংক্রান্ত দক্ষতা অর্জন জরুরি।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বাস্তব অভিজ্ঞতাভিত্তিক আলোচনা, ইন্টারভিউ কৌশল এবং ব্যবহারিক পরামর্শ তাদের ভবিষ্যৎ চাকরির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেন।
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বাস্তব দক্ষতা অর্জনে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন অব্যাহত থাকবে।




