ইরানকে পুরোপুরি ‘ধ্বংস’ করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের
গুপ্তহত্যার চেষ্টা হলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা; আত্মসমর্পণ করবে না বলে জানাল তেহরান

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি তার বিরুদ্ধে গুপ্তহত্যার চেষ্টা করে, তাহলে দেশটির ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। এমনকি প্রয়োজন হলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প।
পোস্টে তিনি দাবি করেন, ইরানকে লক্ষ্য করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে এর সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র যুক্ত করা হবে। তার ভাষায়, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যদি ইরান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে গুপ্তহত্যা চালায় বা এমন কোনো চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক ও কঠোর সামরিক জবাব দেবে।
ট্রাম্প আরও জানান, এ বিষয়ে তিনি ইতোমধ্যে মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পরিস্থিতির প্রয়োজন হলে সেই নির্দেশনার মেয়াদ আরও বাড়ানো হতে পারে। তিনি দাবি করেন, ইরানের যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা, প্রস্তুতি এবং ইচ্ছা—সবই যুক্তরাষ্ট্রের রয়েছে।
ট্রাম্পের এ বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের কাছে আত্মসমর্পণ করবে না।
গালিবাফ বলেন, ইরান সবসময় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করে এসেছে। যুক্তরাষ্ট্র যদি কোনো সমঝোতা থেকে সরে গিয়ে আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তার জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত।
তিনি আরও বলেন, যুদ্ধের অবসান আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হলেও ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের সমাপ্তি হবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ইরান।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি বক্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক উদ্যোগের ওপরও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।




