চারঘাটে ৭০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহী।
শনিবার (১১ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সদর কোম্পানির একটি দল চারঘাট উপজেলার দিঘলকান্দি ঈদগাঁও বটতলা এলাকায় সাথি ফার্নিচারের সামনে বানেশ্বর-চারঘাট সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের জারজিস হোসেন (৩২) এবং নামাজগ্রাম উল্লাপুকুর এলাকার হাসিব (২৪)।
র্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রেখেছিলেন বলেও তারা জানান।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




