এক বছরে ৪১ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
বাজেটে পর্যাপ্ত বরাদ্দের কথা জানিয়ে পাঁচ বছরে সব নির্ধারিত পরিবারকে কার্ড দেওয়ার ঘোষণা

পদ্মাটাইমস ডেস্ক : আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, চলতি অর্থবছরের বাজেটে এ কর্মসূচির জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে নির্ধারিত সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় সাত হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তিনি বলেন, দেশকে আরও এগিয়ে নিতে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন।
ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলো আরও সংগঠিতভাবে সরকারি সহায়তা পাবে।
নারীর শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়েও সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, এবার থেকে নারীদের অনার্স পর্যায় পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে কোনো বিভেদ নয়, মানবিক মূল্যবোধকে সামনে রেখে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই সরকার দেশ পরিচালনা করতে চায়। জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে দেশের উন্নয়নের পথ রুদ্ধ করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।




