ভুলে ‘জয় বাংলা’ বলায় দুঃখ প্রকাশ এনসিপি নেতার

পথসভার বক্তব্যে অনিচ্ছাকৃত উচ্চারণের দাবি, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও নাকচ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬; সময়: ১০:৫৯ am | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় বক্তব্যের সময় ভুলবশত ‘জয় বাংলা’ উচ্চারণ করায় দুঃখ প্রকাশ করেছেন দলের উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক অবস্থানের সম্পর্ক নেই।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শফিজল ইসলাম এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি জানান, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে অসাবধানতাবশত ‘জয় বাংলা’ বলে ফেলেন।

শফিজল ইসলাম বলেন, এটি ছিল সম্পূর্ণ মুখ ফসকে বলা একটি অনিচ্ছাকৃত শব্দচয়ন। এ ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করছেন এবং সাদুল্লাপুরবাসী, দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জীবনের কোনো সময়ই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাই একটি অনিচ্ছাকৃত উচ্চারণকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো বা রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন।

বক্তব্যের শেষাংশে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান দিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন