সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

স্বচ্ছ উপকারভোগী নির্বাচন ও সমন্বিত তথ্যভান্ডার গঠনে গুরুত্বারোপ

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬; সময়: ৩:০৯ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সারাদেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে দেশব্যাপী এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে যেন স্বচ্ছ, নির্ভুল ও কার্যকরভাবে এ সুবিধা পৌঁছে দেওয়া যায়, সে জন্য একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলা জরুরি। একই সঙ্গে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

বৈঠকে কর্মসূচির বাস্তবায়নে ডিজিটাল তথ্যব্যবস্থা, তথ্য যাচাই প্রক্রিয়া, উপকারভোগী নির্বাচন এবং মাঠপর্যায়ে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে যোগ্য ও প্রকৃত সুবিধাভোগীদের কাছে সামাজিক সুরক্ষার সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন