জামিনে মুক্ত নুসরাত ফারিয়া

প্রকাশিত: মে ২০, ২০২৫; সময়: ১২:২৫ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক: আলোচিত একটি মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৯ মে) তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া ফারিয়াকে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এর আগের দিন, রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামিয়ে দেয় এবং আটক করে।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়। মামলার বাদী এনামুল হকের অভিযোগ অনুযায়ী, ফারিয়া ছাড়াও শোবিজ অঙ্গনের আরও ১৬ জন তারকা এবং ২৮৩ জন সরকারঘনিষ্ঠ ব্যক্তি এই মামলায় অভিযুক্ত।

অভিযোগে বলা হয়েছে, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করেছেন এবং সরকারপক্ষকে সহায়তা করেছেন, এমনকি অর্থায়নও করেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন