কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫; সময়: ৪:৫২ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক:  সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে সকাল ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজিরা দিতে গেলে তাকে দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

ঘটনার পটভূমি

২০২০ সালের ১৩ মার্চ রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালান জেলা প্রশাসনের কর্মকর্তারা। চোখ বেঁধে তাকে তুলে এনে ডিসি অফিসে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এ ঘটনায় জড়িত ছিলেন। পরে আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজার অভিযোগ এনে রাতারাতি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কারামুক্ত হয়ে সাংবাদিক আরিফুল ইসলাম এ ঘটনায় মামলা করেন। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলা চলমান রয়েছে। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের আবেদন নিয়ে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন সাবেক ডিসি সুলতানা পারভীন। তবে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন