সিরাজগঞ্জে জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫; সময়: ১:৫৯ pm | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামকে জড়িয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিভাগের রেজিস্ট্রার ও সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করেন অধ্যাপক জাহিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব।

মামলার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর গাজী টিভির ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ড. নাহরিন ইসলাম খান জামায়াত নেতা জাহিদুল ইসলামকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন। অনুষ্ঠানে তিনি দাবি করেন, “জামায়াতের সিরাজগঞ্জ শাখার সেক্রেটারি বলেছেন, আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীরা ‘জামায়াতের হক’।” — যা দিয়ে তিনি ইঙ্গিত দেন যে জামায়াতের নেতাকর্মীরা নারীলোভী। পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে বিবিসি বাংলার সাক্ষাৎকার পর্যালোচনায় দেখা যায়, অধ্যাপক জাহিদুল ইসলাম সেখানে বলেন, “৫ আগস্টের ঘটনার পর আওয়ামী লীগের অনেক কর্মী নানা হয়রানির শিকার হয়েছেন। কিন্তু আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হননি। আমাদের ধারণা, সাধারণ ভোটারদের অনেকেই এবার আমাদের পক্ষে ভোট দেবেন।”

অধ্যাপক জাহিদুল ইসলাম অভিযোগ করেন, “ড. নাহরিন ইসলাম খানের উক্তি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ। এতে আমার ব্যক্তিগত সুনাম ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এমন বক্তব্য দেওয়া হয়েছে।”

অ্যাডভোকেট আবু তালেব জানান, “আদালতে আমরা ভিডিও ক্লিপসহ সব প্রমাণ উপস্থাপন করেছি। আদালত প্রাথমিকভাবে বিষয়টি যাচাই-বাছাই করে মামলাটি আমলে নিয়েছেন এবং আইনগত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন