কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫; সময়: ১১:০৫ am | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: রাজধানীর রামপুরায় জুলাই-আগস্টের আন্দোলনে ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল সোয়া ১০টার পর সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আনা হয়।

আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি গ্রহণ করবে।

হাজির হওয়া দুইজন হলেন- বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। অন্যদিকে পলাতক আছেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

পলাতকদের জন্য গত ২৪ নভেম্বর স্টেট ডিফেন্স নিয়োগ করে ট্রাইব্যুনাল। ওইদিন হাজির দুই কর্মকর্তার পক্ষে আইনজীবী মাসুদ সালাহউদ্দিন ভার্চুয়াল হাজিরার আবেদন করেছিলেন, যার ওপর আজ শুনানি হওয়ার কথা।

এর আগে ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করলে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান। পাশাপাশি পলাতকদের হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এদিকে, আজও ট্রাইব্যুনাল এলাকায় ছিল টাইট নিরাপত্তা। হাইকোর্টের অতিরিক্ত পুলিশ ছাড়াও র‌্যাব, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ ঘটে। শুধু রামপুরাতেই নিহত হন ২৮ জন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছুড়েছিলেন এবং অন্য আসামিরাও নেতৃত্ব দিয়েছিলেন হত্যাযজ্ঞে। এ প্রতিবেদন পর্যালোচনার পর চারজনের বিরুদ্ধে পৃথক ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন