পোরশায় নারী কৃষকের বোরো ধান নষ্টের অভিযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬; সময়: ১১:৩৬ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা: নওগাঁর পোরশা উপজেলায় আলেপনুর বেগম (৫৪) নামে এক নারী কৃষকের রোপিত বোরো ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী আলেপনুর বেগম পোরশা উপজেলার চকবিষ্ণুপুর মৌজায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত দুই একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। সম্প্রতি একই এলাকার মৃত আব্দুল হকের ছেলে হাসান আলী (৩০), শফিকুল ইসলাম (৫৫), ইমরান (৩৫) ও হোসেন (৩০) জমিটি নিজেদের দাবি করে তাকে বিভিন্নভাবে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর দাবি, গত ২২ ফেব্রুয়ারি অভিযুক্তরা জমিতে বিষ প্রয়োগ করে নতুন রোপিত বোরো ধান নষ্ট করে দেন। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ২৫ ফেব্রুয়ারি সকালে জমিতে গিয়ে ধান নষ্ট অবস্থায় দেখতে পান আলেপনুর।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের পরামর্শে তিনি পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন।

ইউএনও রাকিবুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তের জন্য নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে গ্রাম আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন