সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হলো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬; সময়: ১:৪০ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলের হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার বিকেলে এই হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাছুম বিল্লাহ আদালতে আইভীর সম্পৃক্ততার অভিযোগ করে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগ হয়। এতে ব্যাংকের ভেতরে ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান।

পুলিশ কর্মকর্তা জানান, আইভী বর্তমানে কারাগারে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে হাইকোর্ট পৃথক পাঁচ মামলায় সাবেক মেয়র আইভীকে জামিন দিয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন