সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া এখন হাইকোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করেন।
রিট আবেদনকারী আইনজীবীরা হলেন- মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাঈল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ। আইনজীবী মো. গোলাম কিবরিয়া জানান, আবেদনটির ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।
রিটে স্থানীয় সরকার বিভাগের গত ২২ ফেব্রুয়ারির স্মারক (মেমো) কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না -এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে ওই স্মারকের কার্যকারিতা স্থগিতের নির্দেশ চাওয়া হয়েছে।
এছাড়া আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে মেয়র নির্বাচনের জন্য নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকদের মাধ্যমে নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়ারও আবেদন করা হয়েছে।
রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং ছয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২২ ফেব্রুয়ারি ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। এর আগে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। নতুন সরকার পূর্ববর্তী প্রশাসকদের সরিয়ে দলীয় নেতাদের প্রশাসকের দায়িত্ব দেয়।
বর্তমানে যাঁরা প্রশাসকের দায়িত্বে রয়েছেন, তাঁরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশন-এ আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশন-এ মো. শওকত হোসেন সরকার।




