দেশে ঈদুল ফিতর শনিবার

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬; সময়: ১:০৩ am | 
খবর > ধর্ম

পদ্মাটাইমস ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (রমজানের ৩০তম দিন) পূর্ণ হওয়ার পর আগামী শনিবার দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ধর্মমন্ত্রী জানান, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

এর ফলে শুক্রবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং শনিবার সারাদেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

ইসলামি বিধান অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই হিজরি মাস গণনা করা হয়। ২৯ রমজানে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ উদ্‌যাপিত হয়, আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান পূর্ণ হওয়ার পর ঈদ পালিত হয়।

চাঁদ দেখা কমিটির বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন