জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

পদ্মাটাইমস ডেস্ক: মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) ঘনিয়ে আসছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ও জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণে প্রাথমিক ধারণা দিয়েছেন। চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও বৈজ্ঞানিক গণনা ও ক্যালেন্ডার বিশ্লেষণে একটি সম্ভাব্য সময়সূচি পাওয়া গেছে।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে। ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০ দিন পূর্ণ করবে। সে হিসাবে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হলে ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
একইভাবে সংযুক্ত আরব আমিরাতের বৈজ্ঞানিক হিসাবেও ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালনের ইঙ্গিত পাওয়া গেছে।
পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও জানিয়েছেন, দেশটিতে ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্য ও ইউরোপভিত্তিক মুসলিম জীবনধারার প্ল্যাটফর্ম ‘হাইফেন অনলাইন’-এর তথ্য অনুযায়ী, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে সেখানে ২৭ অথবা ২৮ মে ঈদ শুরু হতে পারে।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সেই হিসাবে দেশে ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব অনুযায়ী, যদি জিলকদ মাস ২৯ দিনে শেষ হয়, তবে ঈদ হতে পারে ২৭ মে। আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ অনুষ্ঠিত হবে ২৮ মে।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্যাপিত হয়। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর। বাংলাদেশে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।




