এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: জুন ২৭, ২০২৬; সময়: ৬:০৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কেন্দ্র সচিবদের পরীক্ষা আয়োজনসংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান শিক্ষামন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। এছাড়া শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা অংশ নেন।

সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার বোর্ডের অধীনে আটটি জেলায় মোট ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী। তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন