শিক্ষক নিয়োগে প্রস্তুত এনটিআরসিএ, অপেক্ষা শুধু অনুমোদনের

শিক্ষা মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই প্রকাশ হবে নবম গণবিজ্ঞপ্তি; এখনই জানানো হচ্ছে না শূন্যপদের সংখ্যা

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬; সময়: ৪:২১ pm | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রস্তুতি প্রায় শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন না পাওয়া পর্যন্ত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জুলাই) এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক এ তথ্য জানান। তিনি বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময়ই বিষয়ভিত্তিক শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এর আগে কোনো সংখ্যা বা তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব নয়।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নবম গণবিজ্ঞপ্তিতে ৬৯ হাজার ৫৭৭টি শূন্যপদে শিক্ষক নিয়োগের খবর প্রকাশিত হলেও এনটিআরসিএ সচিব এ বিষয়ে সতর্ক অবস্থান নেন। তিনি বলেন, সংস্থার পক্ষ থেকে এমন কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তাই গণমাধ্যমে প্রকাশিত সংখ্যাকে এনটিআরসিএর তথ্য হিসেবে দেখার সুযোগ নেই।

চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভর করছে। অনুমোদন পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্যপদের অনলাইন চাহিদা (ই-রিকুইজিশন) আহ্বান করা হয়। কয়েক দফা সময় বাড়ানোর পর গত ১৫ মার্চ এ কার্যক্রম শেষ হয়। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ হাজার ১২৯টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

এর আগে গত ৫ জানুয়ারি সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৬৭ হাজার ৮৭টি শূন্যপদে আবেদন আহ্বান করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান নিয়োগের লক্ষ্যে অষ্টম গণবিজ্ঞপ্তির আওতায় ১২ হাজার ৯৫১টি পদের কার্যক্রমও চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করে আসছে। আর ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধনধারী প্রার্থীদের সুপারিশ করার দায়িত্ব পালন করছে সংস্থাটি। এখন পর্যন্ত সাতটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১ লাখ ৮৬ হাজার ২৩৮ জন শিক্ষককে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন