প্রথম বরিশাল সফরে প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ কর্মসূচিতে সবুজ বার্তা
গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ; বিকেলে সাংগঠনিক সভা শেষে ঢাকায় ফিরবেন

পদ্মাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর। সফরের শুরুতেই তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দেন।
সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশান এভিনিউয়ের সরকারি বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল সাড়ে ৯টার দিকে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের হাতে কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেন।
সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরবর্তী সাগরদী খালপাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে তিনি জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন। পাশাপাশি খালপাড়জুড়ে দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সেখানে সংগঠন শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে তোরণ, ব্যানার কিংবা ফেস্টুন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিবর্তে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধ মানবপ্রাচীর গড়ে তাকে স্বাগত জানান নেতাকর্মী ও সাধারণ মানুষ।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা, যান চলাচল ও সার্বিক সমন্বয়সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।




