গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬; সময়: ৫:৫৮ pm | 
খবর > রাজশাহী

মুক্তার হোসেন, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার একটি সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। টেকসই ও মানসম্মত সড়কের দাবিতে রোববার সকাল ১১টার দিকে সুলতানগঞ্জ এলাকায় নির্মাণকাজে বাধা দেন তারা। এ ঘটনায় পৌরসভার সহকারী প্রকৌশলী অভিযোগের সত্যতা স্বীকার করে ঠিকাদারকে নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।

পৌরসভা সূত্রে জানা যায়, গোদাগাড়ী থানা থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সড়ক, ড্রেন ও একটি সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এলিজা এন্টারপ্রাইজ। বর্তমানে কাচারীপাড়া হারুনের মিল থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত অংশে সড়ক নির্মাণকাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নির্ধারিত সিডিউল অনুসরণ না করে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। গাঙ্গোবাড়ী এলাকার বাসিন্দা জামিল আহমেদ বলেন, “সড়কের কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে। সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না। অথচ পৌরসভার তদারকিও চোখে পড়ছে না।”

অলকার মোড় এলাকার বাসিন্দা আবুল কাশেম বলেন, “নতুন রাস্তার চেয়ে আগের সড়কটাই ভালো ছিল। যেখানে নির্ধারিত পরিমাণ বালি ও ইটের খোয়া ব্যবহারের কথা, সেখানে মাটি ও নিম্নমানের রাবিশ দিয়ে ভরাট করা হচ্ছে। এভাবে কাজ করলে প্রথম বর্ষাতেই সড়কটি নষ্ট হয়ে যাবে।” তিনি জানান, মানসম্মত কাজের দাবিতে এলাকাবাসী একযোগে নির্মাণকাজে বাধা দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল বলেন, “সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। স্থানীয়দের ক্ষোভ ও বাধা দেওয়াও যৌক্তিক।” তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ঠিকাদারকে প্রকল্পের সিডিউল অনুযায়ী মানসম্মত কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মবহির্ভূত কোনো কাজই বরদাশত করা হবে না।

এদিকে, স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করে প্রকল্পের নকশা ও সিডিউল অনুযায়ী উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন