মুক্তিযুদ্ধে অপরাধী দল ৭১ এর অর্জনকে ভুলিয়ে দিতে চায় : রুহুল কবির রিজভী

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫; সময়: ৮:৩১ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নির্বাচনের আগে একটি দল গনপরিষদ গঠনের যে দাবি তুলছে এর কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায়নি। নতুন একটি দেশ স্বাধীন হওয়ার পর যখন আইন থাকে না, সংবিধান থাকে না, সরকার থাকে না।

 

তখনই একটি গণপরিষদ গঠন করে সংবিধান প্রণয়ন করা হয়। আমাদের এই দেশে কেন এই দাবি তোলা হচ্ছে? আমাদের দেশ তো ১৯৭১ সালের ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে স্বাধীন হয়েছে। এখন কেন গণপরিষদ গঠনের প্রশ্ন তোলা হবে।

রুহুল কবির রিজভী আরো বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ জাতির জন্য একটি বড় অর্জন। অথচ, মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী বিতর্কিত ভূমিকা পালনকারী একটি অপরাধী দল ১৯৭১ সালের ইতিহাস ভুলিয়ে দিতে চায়।

 

তাদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া নতুন দলের কেউ যদি একই কথা বলেন, তাহলে আমাদের মধ্যে বড় প্রশ্ন দেখা দেয়। আপনারা কার কথায় কান দিয়ে এসব কথা বলছেন। এসব বলা ঠিক হবে না।

 

তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাইতে রাজশাহী বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের উদ্যোগে ৮ হাজার মানুষের মধ্যে ঈদ বছর ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি সরকারের সমালোচনা করে বলেন, সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলছেন। একবার বলা হয় ডিসেম্বর একবার বলা হয় মার্চ কেন এই লুকোচুরি খেলছেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া এটাতো করবে নির্বাচিত সরকার। আপনারা সংস্কারের শুধু একটি প্রস্তাব দিতে পারেন। এছাড়া বিগত আন্দোলনে নিহতদের কেন বিচার কাজ তরান্বিত করা হচ্ছে না। আন্দোলন তো করা হয়েছিল এসব বিচারের জন্যই। কেন নির্বাচন দেরি হবে, আপনারা কেন গড়িমাসি করবেন।

 

অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কেন আপনারা এসব করছেন না। দিনকে দিন দেশের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এছাড়া নানা আরো অরাজকতা চললেও আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না। আমরা আপনাদের সমর্থন করি। কিন্তু আপনাদের জনবিরোধী কাজ কেন সমালোচনা করব না।

 

রুহুল কবির রিজভী আরো বলেন, গত হাসিনা সরকার আমলে বিএনপি নেতা কর্মীদের উপর যে, জুলুম অত্যাচার আটক চলছে। এ সরকারের সময়ও তাদের পুলিশ বাহিনী সেই কাজ করছে। এর আমরা প্রতিবাদ জানাই।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন