নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধরের ঘটনায় কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক : নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে শহরজুড়ে মারধরের ঘটনায় নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
সোমবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত অনুমোদন দেন।
এর আগে, রোববার দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার পা-দানিতে ফেলে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক “ছাত্রলীগ ছাত্রলীগ” বলে চিৎকার করে কদরের পিঠের ওপর পা দিয়ে মারধর করছেন। ঘটনার সময় রিকশায় উচ্চস্বরে গান বাজছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ ঘটনায় ফয়সাল হোসেন কদরের বাবা খায়রুল আলম নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের হোসেন, পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক নাঈমসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। ঘটনাটি গণমাধ্যমের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদলের নজরে এলে তারা তৎক্ষণাৎ কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয়।




