ভোটাধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকার আহ্বান তারেক রহমানের
অদৃশ্য প্রতিপক্ষ এখন ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। তবে বিএনপি তা মোকাবিলার সক্ষমতা রাখে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

পদ্মাটাইমস ডেস্ক: দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে- এমন প্রত্যয় ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ভোটাধিকার নিশ্চিত করেই মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব।’’
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় ভারচ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কর্মশালায় দলের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
তারেক রহমান বলেন, ‘‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি এবং এর নেতাকর্মীরা আজ প্রতিজ্ঞাবদ্ধ। বিগত ১৫ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের বহু নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। এই ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।’’
তিনি আরও বলেন, ‘‘পৃথিবীর কোথাও যুদ্ধ ছাড়া শিশু হত্যা হয় না। অথচ এই দেশে রাজনৈতিক আন্দোলনের সময় শতাধিক শিশু নিহত হয়েছে- এটা নির্মম বাস্তবতা। তারা কোনো অপরাধ করেনি, কেবল গণতন্ত্র চাওয়ার মূল্য দিয়েছে জীবন দিয়ে।’’
সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘‘বিএনপি শহীদ জিয়ার আমল থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে। স্বৈরাচারী চাপ উপেক্ষা করেই আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। আমরা বিশ্বাস করি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, থেমে থাকার নয়।’’
তিনি জানান, ৩১ দফার বাইরে গিয়েও বিএনপি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চায়। কর্মশালায় উঠে আসা প্রশ্নগুলো বেশি ছিল সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ বিষয়ে।
তারেক রহমান বলেন, “দেশের উন্নয়ন সম্ভব- এই বিশ্বাস এখনো মানুষ বিএনপির ওপর রাখে।”
তিনি বলেন, ‘‘গণমানুষের চাওয়া আর একটি গোষ্ঠীর চাওয়ার মধ্যে ফারাক আছে। আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে দেশ এগিয়ে যাক। গণতান্ত্রিক অধিকার রুদ্ধ হলে দেশের সব অগ্রগতি থমকে যাবে। তাই জনগণের সঙ্গে থাকার বিকল্প নেই।’’
তারেক রহমান অভিযোগ করেন, ‘‘বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। অদৃশ্য প্রতিপক্ষ এখন ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। তবে বিএনপি তা মোকাবিলার সক্ষমতা রাখে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।’’
তিনি বলেন, ‘‘অনেক তরুণ নেতাকর্মী বয়স পেরিয়ে গেছেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। শুধু ছাত্রদল নয়, সাধারণ মানুষও স্বৈরাচারবিরোধী অবস্থানের কারণে চাকরি হারিয়েছেন। এই বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে।’’
কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। এছাড়াও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ এবং দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল প্রমুখ।




