স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে ডা. জোবাইদা রহমান

প্রকাশিত: মে ৬, ২০২৫; সময়: ৭:২৫ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান চিকিৎসাধীন মাকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ থেকে একটি প্রাইভেটকারে করে হাসপাতালে পৌঁছান। সেখান থেকে তিনি তার নিজ বাসভবন ‘মাহবুব ভবনে’ যাওয়ার কথা রয়েছে।

ডা. জোবাইদার আগমনকে কেন্দ্র করে মাহবুব ভবনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ভবনটি সজ্জিত করা হয়েছে নতুন রঙে, বসানো হয়েছে সিসি ক্যামেরা এবং সামনের দেয়ালে লাগানো হয়েছে কাঁটাতারের বেষ্টনি। ভবনের প্রধান ফটক বন্ধ রাখা হলেও ভেতরে ছিল লোকসমাগম। নিরাপত্তার অংশ হিসেবে ভবন ও তার আশপাশে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ রাজকীয় বিমানে তিনি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

উল্লেখ্য, ডা. জোবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৮ সালের ৪ নভেম্বর থেকে ১৯৮৪ সালের ৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময় যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এছাড়া, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী ছিলেন তার চাচা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন