জি এম কাদেরের বাড়িতে হা’মলার ঘটনায় জাপা ও এনসিপির করা মামলা নিল পুলিশ

পদ্মাটাইমস ডেস্ক : রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলার দুই দিন পর অবশেষে জাপা ও এনসিপির দায়ের করা দুটি মামলা রেকর্ড করেছে পুলিশ। আজ রোববার (১ জুন) দুপুরে রংপুর মহানগরের কোতোয়ালি থানায় মামলা দুটি রেকর্ড করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সন্ধ্যায় জানান, পুলিশ মামলা দুটি গ্রহণ করেছে এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার পরিদর্শক (তদন্ত)–কে।
এর আগে গত শুক্রবার রাতে জাপা এবং শনিবার রাতে এনসিপি থানায় পৃথক দুটি অভিযোগ জমা দিলেও পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রেকর্ড করেনি। এ নিয়ে উভয় পক্ষ পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রংপুর নগরের সেনপাড়ায় জি এম কাদেরের বাসভবন ‘দ্য স্কাই ভিউ’-তে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ভবনের জানালার কাচ ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় জি এম কাদের বাড়িতে উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির দাবি, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এই হামলা চালিয়েছে। অন্যদিকে, এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, জি এম কাদেরের আগমনের প্রতিবাদে আয়োজিত তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে জাপার নেতাকর্মীরাই হামলা চালায়।
জাপার পক্ষে করা মামলার বাদী জাতীয় ছাত্র সমাজের নেতা আরিফ আলী। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে, এনসিপির করা মামলার বাদী সংগঠনটির রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন। তিনি জি এম কাদের, জাপার কো–চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ ১৬ জনকে আসামি করেছেন। এ মামলায় অজ্ঞাত ৮০–৯০ জনকেও আসামি করা হয়েছে। এজাহারে দাবি করা হয়, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে জাপা নেতাকর্মীরা হামলা চালিয়েছেন।
মামলা গ্রহণে পুলিশের গড়িমসি নিয়েও দুই পক্ষই অসন্তোষ প্রকাশ করেছে বলে জানা গেছে।




