প্রধান উপদেষ্টাকে কলম ও বই উপহার দিলেন তারেক রহমান
লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই উপহার তুলে দেন তিনি।

পদ্মাটাইমস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে একটি কলম ও দুটি বই উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই উপহার তুলে দেন তিনি।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছু আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে উপহারের ছবি প্রকাশ করেন।
পোস্টে দেখা যায়, উপহার হিসেবে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে দিয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের বই ‘No One is Too Small to Make a Difference’ এবং ‘Nature Matters’ শীর্ষক আরেকটি বই। সঙ্গে ছিল একটি কলম।
এর আগে শুক্রবার সকালে যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা)। এরপর ডরচেস্টার হোটেল ত্যাগ করেন তারেক রহমান।
বিকেল ৪টার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতি দেন। এতে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিবৃতিতে জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে তারেক রহমান প্রস্তাব দেন, আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজন করা হোক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই সময়ে নির্বাচনকে অনুকূল মনে করেন।
জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা আগেই দিয়েছেন। তবে সকল প্রস্তুতি সম্পন্ন হলে এবং সংস্কার ও বিচারে যথাযথ অগ্রগতি হলে রমজান শুরুর আগেই ভোট আয়োজন সম্ভব।




