সাদা গাউনে উষ্ণ পিয়া

পদ্মাটাইমস ডেস্ক: সাদা গাউনে বিয়ের সাজ, হাতে ফুলের তোড়া, আর পাশে সঙ্গীর কাঁধে হাত রেখে উষ্ণ ভঙ্গিমায়-এমন কয়েকটি ছবি পোস্ট করে আবারও ভক্তদের আলোচনায় পিয়া বিপাশা। ছবিগুলো দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকে মনে করছেন, এটি তার বিয়ের বিশেষ মুহূর্ত, কেউ আবার বলছেন, বিবাহোত্তর সংবর্ধনার ছবি।
রোববার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রথম একটি ছবি শেয়ার করেন পিয়া। ছবিতে খ্রিস্টান রীতিতে বিয়ের সাজে বরের পাশে দাঁড়ানো দেখা যায় তাকে।
এরপর ৩ জুলাই তিনি বরের সঙ্গে লং ড্রাইভের একটি রিলস পোস্ট করেন, যেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘সি ইজ ইন লাভ’ গানটি। একই দিন আরেকটি রিলসে দেখা যায়, বধূবেশে বরের পাশে দাঁড়ানো পিয়াকে, যেখানে ব্যবহার করা হয়েছিল গান ‘এ ডে অফ ফরএভার প্রমিস’।
সবশেষ শুক্রবার (৬ জুলাই) সকালে আরও দুটি নতুন ছবি প্রকাশ করেন পিয়া, যা বেশ ভালো সাড়া ফেলেছে তার ভক্তদের মধ্যে। তবে এই ছবি ও ভিডিওগুলো আসলেই তার নতুন বিয়ের কিনা, আর পাশে থাকা পুরুষটি প্রেমিক না স্বামী—এ বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি অভিনেত্রী।
পিয়ার ব্যক্তিজীবনও কম চর্চিত নয়। অল্প বয়সে প্রথম বিয়ে করে এক সন্তানের মা হন, কিন্তু সে সংসার টেকেনি। পরে শোবিজে নিজের অবস্থান পাকা করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০১৯ সালে দ্বিতীয়বার ইউরোপের এক যুবককে বিয়ে করেন এবং সে সময়ও ফেসবুকে বিয়ের ছবি শেয়ার করেছিলেন। তবে পরে সেসব ছবি মুছে দেন।
দীর্ঘ ছয় বছর পর আবারও বিয়ের সাজে ছবি শেয়ার করে আলোচনার জন্ম দিলেন এই মডেল ও অভিনেত্রী। ভক্তরা এখন জানতে উদগ্রীব-পিয়া বিপাশার জীবনের নতুন এই সঙ্গী আসলে কে?




