মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫; সময়: ১:০৫ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার (১০ জুলাই) অভিযোগ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে মামলার তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন অব্যাহতির আবেদন করেছিলেন। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালতে হাজির হয়ে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

এর আগে, গত ১ জুলাই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য ১০ জুলাই দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।

এই মামলায় ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন