মব সৃষ্টিকারীদের পেছনে সরকারের ‘প্রশ্রয়’ আছে কি না প্রশ্ন তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিভিন্নভাবে মব সৃষ্টিকারীদের পেছনে সরকারের বা প্রশাসনের কোনো ‘প্রশ্রয়’ রয়েছে কি না। তিনি বলেন, “আমরা কি ধরে নেব, যারা দেশে নানা কৌশলে মব তৈরি করে অশান্ত পরিস্থিতি তৈরি করছে, তাদের পেছনে সরকারের কোনো প্রচ্ছন্ন সমর্থন বা প্রশাসনের মদদ আছে?”
শনিবার (১২ জুলাই) রাজধানীর হোটেল লেকশোরে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ষড়যন্ত্র এখনো চলমান দাবি করে তারেক রহমান বলেন, “আমি ৮-৯ মাস আগেই বলেছি, অদৃশ্য শত্রু আছে, আর সেই শত্রু এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। আমাদের দেখতে হবে, কে বাংলাদেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াচ্ছে, আর কে দাঁড়াচ্ছে না। ৫০ বছর ধরে কে আসলে জনগণের পক্ষে থেকেছে, কে থাকেনি—সেটিও বিবেচনায় নিতে হবে।”
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, “আমরা বারবার বলে আসছি, অন্যায়কারী যেই হোক, তাকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। কিন্তু সরকার কেন তাদের প্রশ্রয় দিচ্ছে, সেই প্রশ্ন আজও রয়ে গেছে।”
সম্প্রতি মিটফোর্ড এলাকায় প্রকাশ্য হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, “যাকে সবাই স্ক্রিনে দেখেছে খুন করতে, সরকার কেন তাকে এখনো গ্রেপ্তার করেনি? তাহলে কি ধরে নেব, অশান্তি সৃষ্টিকারীদের পেছনে সরকারের বা প্রশাসনের মদদ আছে?”
তিনি আরও বলেন, “যে অন্যায় করবে, সে অন্যায়কারী। দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। অন্যায়কারী কোনো দলের লোক হতে পারে না। আমরা লক্ষ্য করছি, সুস্থ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করতে কে বা কারা বারবার চেষ্টা করছে।”




