আড়ানীর সাবেক মেয়র মুক্তারের বিরুদ্ধে দুদকের আরেক মামলা

নিজস্ব প্রতিবেদক, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও রুস্তমপুর হাট-বাজারের ইজারামূল্য আত্মসাৎ এবং ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগে সাবেক মেয়র মুক্তার আলীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক ভারপ্রাপ্ত মেয়র কার্ত্তিক চন্দ্র হালদার, রুস্তমপুর হাটের সাবেক ইজারাদার মামুন হোসেন, আবুল খায়ের সুমন ও একরামুল হক, আড়ানী হাটের সাবেক ইজারাদার ওবাইদুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আসাদুজ্জামান এবং সাবেক সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম।
দুদক সূত্রে জানা যায়, ২০১৬-১৭ থেকে ২০২১-২২ অর্থবছরে ইজারা দেওয়ার সময় নিয়ম অনুযায়ী ইজারাদারদের ইজারামূল্যের ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়করসহ সম্পূর্ণ অর্থ পরিশোধ করে সাত দিনের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর করার কথা ছিল। কিন্তু তারা শুধু ৩০ শতাংশ বিডি জমা দিয়েই বাকি টাকা আর পরিশোধ করেননি। তা সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ নিয়ম ভঙ্গ করে তাঁদের ইজারা দেন।
ফলে ইজারামূল্যের ১ কোটি ২২ লাখ ৮০ হাজার ৮৬৫ টাকা, ভ্যাট বাবদ ১৫ লাখ ৭ হাজার ২২৬ টাকা এবং আয়কর বাবদ ১ লাখ ৫০ হাজার ১৭ টাকা পৌর তহবিলে জমা পড়েনি। সব মিলিয়ে পৌরসভার পাওনা প্রায় ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার টাকা আসামিরা আত্মসাৎ করেছেন বলে দুদক জানিয়েছে।
দুদক আরও জানায়, পৌর কর্মকর্তারা ইজারাদারদের কাছ থেকে বিভিন্ন রশিদের মাধ্যমে টাকা নিলেও তা হিসাবভুক্ত করেননি। পরস্পরের যোগসাজশে এসব অর্থ লুটপাট হয়েছে। দীর্ঘ অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ মেলায় মামলা করা হয়েছে। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মুক্তার আলী বর্তমানে কারাগারে আছেন। গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে পৌরসভার গাড়ি না থাকলেও তেল বাবদ ১৪ লাখ ৫২ হাজার টাকা গ্রহণ এবং ভুয়া কর্মচারী দেখিয়ে বেতন-ভাতা বাবদ আরও ৪ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদক দুটি মামলা দায়ের করেছে।




