তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল রাখল আপিল বিভাগ

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫; সময়: ১০:৫৪ am | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি চূড়ান্তভাবে খালাস পেলেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট শিশির মনিরসহ বিএনপিপন্থি আরও একাধিক জ্যেষ্ঠ আইনজীবী।

রায়ের প্রেক্ষাপট

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শতাধিক নেতাকর্মী। এই হামলার মূল লক্ষ্য ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা।

হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হলেও তদন্ত নিয়ে শুরু থেকেই বিতর্ক দেখা দেয়। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে নতুন তদন্ত শুরু হয় এবং ২০০৮ সালে অভিযোগপত্র দেওয়া হয়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আরও এক দফা তদন্ত করে তারেক রহমানসহ নতুন আসামি যুক্ত করে।

২০১৮ সালের ১০ অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায় দেয়। এতে বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

তবে ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট ওই দণ্ডাদেশ বাতিল করে সব আসামিকে খালাস দেন। আদালত পর্যবেক্ষণে জানায়, মামলার তদন্ত ছিল ত্রুটিপূর্ণ ও অস্বচ্ছ; নিরপেক্ষ তদন্ত হয়নি। একইসঙ্গে নতুন করে একটি স্বাধীন ও পেশাদার সংস্থার মাধ্যমে তদন্তের সুপারিশ করা হয়।

রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘ শুনানি শেষে আজ আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখে।

এর মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক ধরে আলোচিত এই মামলার বিচারিক প্রক্রিয়া আপিল বিভাগে এসে চূড়ান্ত নিষ্পত্তি পেল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন